নিজস্ব প্রতিনিধি,
দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, শপথ গ্রহণের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনের তারিখ ২৩ ডিসেম্বর ২০২৫ উল্লেখ থাকলেও আইন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, গতকালের তারিখে প্রস্তুত করা প্রজ্ঞাপনটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১১ আগস্ট শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসর বয়স ৬৭ বছর হওয়ায় তিনি ২৭ ডিসেম্বর ৬৭ বছরে পদত্যাগ করবেন। তিনি ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার স্থলাভিষিক্ত হিসেবেই বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নিয়োগ দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর জন্ম ১৯৬১ সালের ১৮ মে। সে হিসাবে তিনি ২০২৮ সালের ১৭ মে ৬৭ বছরে পৌঁছাবেন। তার বাবা প্রয়াত বিচারপতি এ এফ এম আবদুর রহমান চৌধুরী এবং মা প্রয়াত বেগম সিতারা চৌধুরী।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক এবং ২০০৫ সালে পূর্ণ বিচারপতি হন। সর্বশেষ ২০২৪ সালের ১৩ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।








Leave a Reply