নিজস্ব প্রতিনিধি,
মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পর রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।
দুদকের দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, দরপত্রে কারসাজি ও চুক্তিগত অনিয়মের মাধ্যমে মেঘনা–গোমতী সেতুর টোল আদায়ের কাজে বিপুল সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফাইল আহমেদ, খন্দকার মোশারফ হোসেন, আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী এম এ হান্নান, সাবেক সচিব এম এ এন সিদ্দিকসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এমবিএল–এটি সেতুর টোল আদায়ের দায়িত্বে ছিল এবং এ সময়ে তারা প্রায় ১৫ কোটি ৫৮ লাখ টাকা পায়। পরে ২০২২ থেকে ২০২৫ মেয়াদে ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেডকে ৬৭ কোটি ৫৪ লাখ টাকায় একই কাজ দেওয়া হয়, যা পাঁচ বছরে হিসাব করলে দাঁড়ায় প্রায় ১১২ কোটি ৫৮ লাখ টাকা। এর বিপরীতে সিএনএস লিমিটেড একই মেয়াদের জন্য প্রায় পাঁচ গুণ বেশি বিল আদায় করে এবং তথাকথিত নতুন প্রযুক্তি ও অবকাঠামো ব্যয়ের নামে আরও ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে।
এসব অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের ফলে সরকারের মোট আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৩০৯ কোটি ৪২ লাখ টাকা বলে দুদক দাবি করেছে।
Leave a Reply