নিজস্ব প্রতিনিধি,
লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি ঢাকায় পৌঁছান। পরে বিমানবন্দর থেকে সরাসরি তিনি শহীদ ওসমান হাদির লাশ দেখতে যান। ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হওয়ার উদ্দেশ্যে লন্ডন সফর সংক্ষিপ্ত করে সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, দেশে ফিরেই সরাসরি শহীদ ওসমান হাদিকে এক নজর দেখার জন্য গেছেন। জামায়াত আমির আরও লেখেন, তিনি শহীদ ওসমান হাদির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন। তবে এমন শোকাবহ মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা তার জানা নেই বলে উল্লেখ করেন। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন এই শোক সইবার শক্তি পরিবারসহ সমগ্র দেশবাসীকে দান করা হয়। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, শহীদ ওসমান হাদি কোনো দল বা মতের নন; তিনি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এ কারণে তিনি সবাইকে দল-মত নির্বিশেষে শহীদ ওসমান হাদির জানাজায় দলে দলে অংশগ্রহণ করার আহ্বান জানান।
Leave a Reply