নিজস্ব প্রতিনিধি,
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে জানাজার উদ্দেশ্যে তার লাশ সেখানে নেওয়া হয়। এ সময় সংসদ ভবন এলাকা ও আশপাশের পুরো অঞ্চল মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত সড়কে লাখো মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। জাতীয় পতাকা হাতে ও বিভিন্ন স্লোগান দিতে দিতে মানুষ সংসদ প্লাজার দিকে এগিয়ে আসে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতিও তত বাড়ছে। বিপুল জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ১৬টি প্রবেশপথ দিয়ে পর্যায়ক্রমে মানুষকে ভেতরে প্রবেশ করানো হচ্ছে। এর আগে সকালে ময়নাতদন্তের জন্য শরিফ ওসমান হাদির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে সেখান থেকে মরদেহ গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়। গোসল সম্পন্ন হওয়ার পর সেখান থেকেই সরাসরি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নেওয়া হয় তার লাশ। শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে মানুষ ঢাকায় ছুটে এসেছে।
Leave a Reply