নিজস্ব প্রতিনিধি,
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই শোকবার্তা জানান।
ভাষণে অধ্যাপক ইউনূস বলেন, “আমি আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত হৃদয়বিদারক একটি সংবাদ নিয়ে। সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি আর আমাদের মাঝে নেই।” তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
প্রধান উপদেষ্টা আরও জানান, কিছুক্ষণ আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাকে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামের এই অমর সৈনিককে মহান রাব্বুল আলামিন যেন শহিদ হিসেবে কবুল করেন—এই দোয়া তিনি করেন।
অধ্যাপক ইউনূস বলেন, শরিফ ওসমান বিন হাদির প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply