নিজস্ব প্রতিনিধি:
ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার পরপরই দুটি ছবি ঘিরে নতুন করে সন্দেহ দানা বাঁধে। একটি ছবিতে দেখা যায়—কালো জ্যাকেট ও মাস্ক পরা এক যুবক হাদির ঠিক পাশেই বসে আছেন, অন্যরা হাত মিলিয়ে সরে গেলেও ওই যুবকটি তার কাছেই অবস্থান করছিল। দ্বিতীয় ছবিতে কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও জিন্স প্যান্ট পরিহিত আরেকজনকে দেখা যায়—যা নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরবর্তীতে গুলি চালানোর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এলে সেই সন্দেহ আরও স্পষ্ট হতে থাকে। তদন্তমূলক বিশ্লেষণে দেখা যায়, মোটরসাইকেলে করে হামলায় অংশ নেওয়া দুই ব্যক্তি এবং হাদির সঙ্গে জনসংযোগে অংশ নেওয়া দুই ব্যক্তির পোশাক ও উপস্থিতি একে অপরের সঙ্গে মিলে যাচ্ছে। এ বিষয়ে ‘দ্যা ডিসেন্ট’ হামলার সিসিটিভি দৃশ্য ও জনসংযোগের স্থিরচিত্র বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে—হামলায় জড়িত দুই বাইক আরোহী ঘটনার দিন দুপুরে মতিঝিল ওয়াবদা মাদ্রাসা এলাকায় হাদির সঙ্গেই মাস্ক পরা অবস্থায় প্রচারণায় অংশ নিয়েছিল।
হামলাকারীদের একজনের পরনে ছিল কালো পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর এবং পরনে আকাশি রঙের প্যান্ট। অপরজনের গায়ে ছিল কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা এবং পায়ে চামড়ার রঙের জুতা। এই পোশাকদুটি জনসংযোগে দেখা ওই দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হুবহু মিলে যায় বলে জানিয়েছে বিশ্লেষকরা।
তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে—সে বিষয়েও কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও উদ্দেশ্য উদঘাটনে তদন্ত চলছে।
Leave a Reply