নিজস্ব প্রতিনিধি:
বিজয়নগরে নির্বাচনী জনসংযোগকালে গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি, অবস্থা আশঙ্কাজনক রাজধানীর বিজয়নগরে নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে আছেন। দায়িত্বরত চিকিৎসকদের বরাতে জানা গেছে, হাদির মাথার ডান পাশ দিয়ে গুলি প্রবেশ করে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে। সিটি স্ক্যানে গুলির অংশবিশেষ বা পিলেট শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়। একই সঙ্গে মস্তিষ্কে গুরুতর আঘাত ও বিপজ্জনকভাবে চাপ বেড়ে যাওয়ায় চাপ কমাতে মাথার খুলির একটি বড় অংশ খুলে রাখা হয়েছে। শুক্রবার রাতে ঢাকা মেডিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর জানান, হাসপাতালে আনার সময় হাদির জিএস ছিল সর্বনিম্ন পর্যায়ে, যা চিকিৎসকদের প্রচেষ্টায় কিছুটা উন্নত হয়েছে। তিনি কৃত্রিম ভেন্টিলেশনে রয়েছেন। গুলির প্রবেশপথে আঘাত তুলনামূলক কম হলেও বেরোনোর পথে বড় ধরনের ক্ষতি হয়েছে। মস্তিষ্ক ফুলে গেলে চাপ বেড়ে যায়—এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নিউরোসার্জনরা ডিকমপ্রেসিভ সার্জারি করেছেন। তিনি আরও জানান, নাক ও গলা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, যা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা নিয়ন্ত্রণে এনেছেন। সরকারিভাবে তাকে সিএমএইচে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরিবারের সম্মতিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, জুমার নামাজের পর নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন মসজিদে যাওয়ার পথে বিজয়নগর কালভট্ট সড়কে রিকশায় চলাচলের সময় হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply