নিজস্ব প্রতিনিধি,
শারীরিকভাবে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা করেছে অন্তবর্তী সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুসারে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) মোতায়ন করা হয়েছে।
এদিকে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তিনি দেশে ফিরলে তাকেও কি সরকারের পক্ষ থেকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে—সেই প্রশ্নও সামনে এসেছে।
মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, খালেদা জিয়ার বর্তমান অবস্থার কারণে হাসপাতালে নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মতোই এসএসএফ তার নিরাপত্তায় নিয়োজিত হয়েছে।
তাৎপর্যপূর্ণভাবে, তারেক রহমান দেশে ফিরলে তাকেও এসএসএফ সুরক্ষা দেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে বিএনপির ভেতর থেকে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানানো হয়, বিএনপির চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানিয়েছেন যে তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ সুবিধা চেয়ে সরকারকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিএনপির এক নেতা নাম প্রকাশ না করে জানান, রাষ্ট্র ঘোষিত ভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তা সুবিধা তার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে তারেক রহমান দেশে ফিরলে বিমানবন্দরেই তিনি এসএসএফ নিরাপত্তার আওতায় আসতে পারেন।
Leave a Reply