নিজস্ব প্রতিনিধি,
দিনাজপুর দশমাইল মহাসড়কের নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে মিনিবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মর্জিনা খাতুন (৫৫), মাজিয়া বেগম (১৫) এবং এক অজ্ঞাত শিশু। এ ছাড়া আরেকজন নারীও মারা গেছেন, যিনি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান। নিহত মর্জিনা, তানজিলা ও সুমী পরস্পরের জা, আর সাদিয়া নিহত মর্জিনার ভাগ্নি বলে জানা গেছে।
এ ঘটনায় অটোরিকশাচালক ও একজন শিশু গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার এসআই রেজাউল করিম জানান, তারা সবাই অটোরিকশাযোগে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথে নাসিব পরিবহনের একটি মিনিবাস দিনাজপুরগামী অটোরিকশাটিকে মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা সড়কে ব্যারিকেড দিয়ে রাখায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply