নিজেস্ব প্রতিবেদন
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQAir-এর তথ্য অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ১৪৪ একিউআই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা।
এই অবস্থায় বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষ বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চাপে থাকা ঢাকাবাসীর জন্য এটি নতুন করে স্বাস্থ্যঝুঁকির সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বের তালিকায় সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই, যার একিউআই স্কোর ১৯৮। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর (১৮৫) এবং তৃতীয় সেনেগালের রাজধানী ডাকার (১৭৩)। চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৬৭) এবং পঞ্চম অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫৮)।
বিশেষজ্ঞদের মতে, শিল্পকারখানার ধোঁয়া, যানবাহনের নির্গমন এবং অপরিকল্পিত নগরায়ন বিশ্বজুড়ে বায়ুদূষণ বৃদ্ধির প্রধান কারণ। ঢাকার ক্ষেত্রেও একই পরিস্থিতি কাজ করছে।
বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ‘ভালো’, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ক্ষতিকর, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০০-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।
এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, বায়ুদূষণ বেশি থাকলে শিশু ও বয়স্কদের ঘরের ভেতরে থাকা উচিত এবং অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলা প্রয়োজন।
ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ও টেকসই উদ্যোগ না নিলে জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে নদী দখল, শিল্প দূষণ ও পরিবেশ অবনতি সামগ্রিক ইকো-সিস্টেমকে দুর্বল করছে, যার প্রভাব পরোক্ষভাবে বায়ুর মানেও পড়ছে।
Leave a Reply