তিস্তা নিউজ ডেস্ক
বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের সরকারি সফরে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ভারতের রাজধানী দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরের সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর-এর সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং জ্বালানি খাতের মন্ত্রী হারদীপ সিং পুরি-র সঙ্গে পৃথক সাক্ষাৎ করার কথাও রয়েছে।
কূটনৈতিক মহলের মতে, আলোচনায় ভিসা প্রক্রিয়া সহজ করা, জ্বালানি সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য সংক্রান্ত প্রতিবন্ধকতা হ্রাস, বিভিন্ন বিধিনিষেধ শিথিল করা, অভিন্ন নদীর পানিবণ্টন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর মতো বিষয়গুলো গুরুত্ব পাবে। দুই দেশের সম্পর্ককে পারস্পরিক সম্মান ও লাভজনক সহযোগিতার ভিত্তিতে আরও গতিশীল করার দিকেও জোর দেওয়া হবে।
এই সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ, গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর। সফরসঙ্গী হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সূচি অনুযায়ী, সফরের প্রথম দিন সন্ধ্যায় অজিত দোভালের সঙ্গে বৈঠকের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরদিন (৮ এপ্রিল) এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিনে পীযূষ গোয়েল ও হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী।
দিল্লিতে কর্মসূচি শেষে তিনি মরিশাসের রাজধানী পোর্ট লুইস-এ অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে রওনা হবেন। জানা গেছে, ৯ এপ্রিল তিনি এবং এস জয়শঙ্কর একসঙ্গে মরিশাসে পৌঁছাবেন। ১১ ও ১২ এপ্রিল অনুষ্ঠিত সম্মেলনে তারা আঞ্চলিক সহযোগিতা ও সামুদ্রিক কৌশলগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
Leave a Reply