তিস্তা নিউজ ডেস্ক
রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে জনতা ও একদল শিক্ষার্থী আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
রোববার (২৯ মার্চ) বিকেলে চিড়িয়াখানার সামনে অবস্থানকালে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা ফাহিমকে ঘিরে ধরেন এবং সেখানেই তাকে আটক রাখেন। এই ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা জানান, “আর এস ফাহিমের বিতর্কিত কর্মকাণ্ড এবং পূর্বে ছাত্র আন্দোলনের সময় উসকানিমূলক ভূমিকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এরপর তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।”
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফাহিমকে নিজেদের হেফাজতে রেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ আসার পর তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তরিত হবেন।
শাহ আলী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, “চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরায় নিরাপত্তার কারণে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন।”
Leave a Reply