তিস্তা নিউজ ডেস্ক:
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিজিএমইএ-এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরীসহ পরিচালক শাহ রাঈদ চৌধুরী, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, নাফিস-উদ-দৌলা, মজুমদার আরিফুর রহমান এবং ড. রশিদ আহমেদ হোসাইনী উপস্থিত ছিলেন।
সাক্ষাতের শুরুতে বিজিএমইএ সভাপতি ফুল দিয়ে মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা প্রকাশ করেন। তিনি বলেন, অর্থমন্ত্রী একজন অভিজ্ঞ ও সফল ব্যবসায়ী হওয়ায় শিল্পখাতের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয়টি গভীরভাবে বোঝেন।
আলোচনার মূল বিষয় ছিল দেশের তৈরি পোশাক খাতের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা, এবং শিল্পের আর্থিক চাপ। বিশেষভাবে বকেয়া নগদ প্রণোদনা দ্রুত ছাড় এবং প্রক্রিয়া সহজ করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পেয়েছে। বিজিএমইএ নেতৃবৃন্দ মন্ত্রীকে জানান, অসংখ্য প্রতিষ্ঠানের নগদ সহায়তার আবেদন লিয়েন ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের অডিট প্রক্রিয়ায় দীর্ঘদিন আটকে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পোশাক খাতে প্রায় ৫৭০০ কোটি টাকার প্রণোদনা এখনও অনিষ্পন্ন থাকায় বহু প্রতিষ্ঠান তীব্র অর্থ সংকটে আছে, যা রপ্তানি কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।
বিজিএমইএ নেতারা বকেয়া অর্থ দ্রুত ছাড়, আবেদন জমার সঙ্গে সঙ্গে প্রণোদনা প্রদান এবং ত্রৈমাসিক ভিত্তিক ছাড়ের নিয়ম পুনর্বিবেচনার অনুরোধ জানান।
অর্থমন্ত্রী দাবিগুলো যৌক্তিক বলে স্বীকার করেন এবং বকেয়া অর্থ দ্রুত নিষ্পত্তি করার জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি প্রক্রিয়াটিকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করার আশ্বাসও দেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাৎকে তৈরি পোশাক শিল্পের চলমান সংকট মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।
Leave a Reply