তিস্তা নিউজ ডেস্ক:
বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়া সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬–এর বিজয়ী বাংলাদেশ নারী ফুটসাল দলকে সংবর্ধনা জানিয়েছে দেশীয় পোশাক ব্র্যান্ড টুরাগ অ্যাকটিভ। সোমবার নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে টুরাগ অ্যাকটিভের নতুন স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে বিজয়ী নারী ফুটসাল দলটি বিশেষ অতিথি হিসেবে অংশ নেয়।
দেশের নারী ক্রীড়াবিদদের সাফল্য উদযাপন ও স্বীকৃতি জানানোর লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানটি ক্রীড়া ও করপোরেট খাতের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। স্টোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উর্মি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ আশরাফ, টুরাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফাইয়াজ রহমান, উর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দিন, টুরাগ অ্যাকটিভের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) আহম্মাদ মনসুর রউফসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশের জন্য গৌরব বয়ে আনা এই ঐতিহাসিক অর্জনের স্বীকৃতি হিসেবে টুরাগ অ্যাকটিভের পক্ষ থেকে খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, গর্ব ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের অংশ হিসেবে নারী ফুটসাল দলের সদস্যরা নারায়ণগঞ্জে অবস্থিত উর্মি গ্রুপ লিমিটেডের প্রতিষ্ঠান ইউএইচএম (UHM) ফ্যাক্টরি পরিদর্শন করেন। এ সময় তারা উর্মি পরিবারের সদস্যদের সঙ্গে আন্তরিক মতবিনিময়ে অংশ নেন এবং নিজেদের আন্তর্জাতিক অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে আলোচনা করেন। চ্যাম্পিয়ন দলটির সম্মানে একটি বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়।
দেশের জন্য গৌরব বয়ে আনা এই বিজয়ের স্বীকৃতি হিসেবে টুরাগ অ্যাকটিভ বাংলাদেশ নারী ফুটসাল দলকে আর্থিক সহায়তা ও বিশেষ উপহার প্রদান করে। আয়োজকদের মতে, এটি কেবল একটি আনুষ্ঠানিক সম্মাননা নয়, বরং নারী ক্রীড়াবিদদের প্রতি আস্থা ও সমর্থনের প্রতীক।
এ সময় নারী ফুটসাল দলের অধিনায়ক বলেন, টুরাগ অ্যাকটিভের এই উদ্যোগ শিল্পখাত ও ক্রীড়াঙ্গনের মধ্যে একটি ইতিবাচক সমন্বয়ের দৃষ্টান্ত। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বেশি নারী ক্রীড়াবিদকে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।
Leave a Reply