তিস্তা নিউজ ডেস্ক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ৩১ জানুয়ারি থেকে সারাদেশে মাঠে নামছে ৩৭ হাজারের বেশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য। ভোটাররা যাতে নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সে লক্ষ্যেই এই বিস্তৃত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষিত রাখার পাশাপাশি সারাদেশের নির্বাচনকেন্দ্র, গুরুত্বপূর্ণ সড়ক ও সংবেদনশীল এলাকাগুলোতে বিজিবি মোতায়েন থাকবে। দেশের মোট ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় বিজিবি নির্বাচনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এর মধ্যে সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্বে থাকবে। ঝুঁকি বিবেচনায় সারাদেশের সবকটি ৩০০ সংসদীয় আসনেই বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, উপজেলা ও এলাকার ঝুঁকির মাত্রা বিবেচনায় প্রতিটি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। নির্বাচন-পূর্ব সময়, ভোটগ্রহণের দিন এবং ভোট-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা টহল ও নজরদারি জোরদার করবে। বিশেষ করে ভোটকেন্দ্র, সীমান্ত এলাকা, জনসমাগমস্থল ও গুরুত্বপূর্ণ যোগাযোগ পথগুলোতে কড়া নজর রাখা হবে।
নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলার জন্য বিজিবির র্যাপিড অ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে, যাতে প্রয়োজনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড ইউনিটও মোতায়েন করা হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিজিবির এই সুসমন্বিত ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।
Leave a Reply