নিজস্ব প্রতিনিধি,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ ১০ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। তবে আলোচিত এই বৈঠকে অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ, যা রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
বৈঠক সূত্র জানায়, ১০ দলের মধ্যে আসন সমঝোতার বিষয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। রাত ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার প্রস্তুতিও রয়েছে। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
ইসলামী আন্দোলন বৈঠকে না থাকায় দলটি আসন সমঝোতা থেকে সরে যাচ্ছে কি না—এমন আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নাকচ করে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, বৈঠকের খবর তারা সকালে দেরিতে পেয়েছেন, তাই প্রস্তুতি নিয়ে অংশ নেওয়া সম্ভব হয়নি। জামায়াতের সঙ্গে আলোচনা এখনো চলমান এবং আলাদা হয়ে যাওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি।
অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলনও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিছুটা অস্বস্তি তৈরি হলেও সমঝোতার দ্বার এখনো উন্মুক্ত রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবেই জাতিকে জানানো হবে
Leave a Reply