নীলফামারীতে চীনের উপহারে নির্মিত এক হাজার শয্যার হাসপাতালের নির্মাণ স্থল পরিদর্শন করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. এহছানুল হক। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দারোয়ানী এলাকায় হাসপাতাল নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
সচিব মো. এহছানুল হক বলেন, এই হাসপাতাল নির্মাণের মাধ্যমে দেশের মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত হবে এবং বিদেশে নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশের অর্থের অপচয় কমবে এবং দেশি সম্পদ দেশের ভেতরেই থাকবে। এতে রোগীরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে রিটার্নিং কর্মকর্তাদের উপর প্রার্থীদের চড়াও হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা দায়িত্ব পালন করছেন অত্যন্ত ধৈর্য্যসহকারে। তাই কেউ চড়াও হলে তা কোনো ফল বয়ে আনবে না।
পরিদর্শনে রংপুর বিভাগের কমিশনার মো. শহিদুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান উপস্থিত ছিলেন। এই হাসপাতাল নির্মাণ দেশের স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করবে এবং জনগণকে দ্রুত ও সমন্বিত চিকিৎসা সেবা নিশ্চিত করবে।
Leave a Reply