শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে লিখিত, মৌখিক ও ডেমো ক্লাস—এই তিন ধাপের মাধ্যমে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করেছে হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের ক্যাম্পাসে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে লিখিত পরীক্ষার আয়োজন করা হয়।
লিখিত পরীক্ষায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৮০ জন শিক্ষক প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য থাকছে ডেমো ক্লাস। এই তিনটি ধাপ সফলভাবে সম্পন্ন করার পরই চূড়ান্তভাবে শিক্ষক হিসেবে নিয়োগ ও পাঠদানের অনুমতি দেওয়া হবে।
বর্তমানে হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ বদিওজ্জামান সরকার। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দক্ষ, যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগ সম্ভব হবে, যা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান শতভাগ নিশ্চিত করবে।
প্রতিষ্ঠানের পরিচালক এফ কবির লিটন জানান, শিক্ষক নিয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানে আমরা ব্যতিক্রমধর্মী ও আধুনিক নানা উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে, এলাকার শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য যেন আর বাইরে যেতে না হয়। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মানের কারণে রংপুর-দিনাজপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে হোপ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে আগ্রহী হবে বলে আমরা আশাবাদী।
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষার মান উন্নয়নে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Leave a Reply