নিজস্ব প্রতিনিধি,
রাজশাহীতে শীতের তীব্রতা চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে পুরো জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে, যার ফলে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস জানায়, বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা শতভাগ থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ সূর্যোদয় হলেও ঘন কুয়াশার কারণে সকাল ৮টার আগে সূর্যের দেখা মেলেনি। দৃষ্টিসীমা কমে যাওয়ায় মহাসড়কগুলোতে যানবাহন ধীরগতিতে ফগ লাইট জ্বালিয়ে চলাচল করছে। আবহাওয়া অধিদপ্তর আশঙ্কা করছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এই প্রচণ্ড শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। দিনমজুর, শ্রমিক ও অটোরিকশা চালকদের কনকনে ঠান্ডার মধ্যেই কাজে বের হতে হচ্ছে। অনেকেই জানিয়েছেন, গরম কাপড় পরেও শীত সহ্য করা কঠিন হয়ে পড়েছে, পাশাপাশি কাজ ও আয় কমে গেছে।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর ফুটপাত ও বাজারে গরম কাপড়ের বিক্রি বেড়েছে। ভাসমান মানুষরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনগুলো অসহায়দের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণের প্রস্তুতি নিচ্ছে।








Leave a Reply