1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 6:35 am

তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তপ্ত দেশ: প্রার্থী গুলিবিদ্ধ, নির্বাচন কার্যালয়ে আগুন

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 123 Time View

নিজস্ব প্রতিনিধি,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৪ ঘণ্টা না যেতেই দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনাও ঘটে, যা নির্বাচন ঘিরে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

তফসিল ঘোষণার দিনই গভীর রাতে লক্ষ্মীপুর ও পিরোজপুরের দুটি উপজেলা নির্বাচন কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি রাজধানীর বাড্ডা এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪-এর গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে। প্রায় দেড় বছর ধরে দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকারের সময়ে অবৈধ অস্ত্র উদ্ধার, দলবদ্ধ সহিংসতা ও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এমন প্রেক্ষাপটেই গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে।

কিন্তু তফসিল ঘোষণার এক দিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওপর গুলির ঘটনা এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের পর আসন্ন নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচন তফসিল প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন কয়েকজন রাজনীতিবিদ। এদিকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে বলেন, সামনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ আসতে পারে, তবে সেগুলো মোকাবেলায় কমিশন প্রস্তুত এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে তারা অঙ্গীকারবদ্ধ।

এর আগে শুক্রবার দুপুরে রাজধানীতে জনসংযোগ কার্যক্রম চলাকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তার সংগঠনের নেতাকর্মীরা জানান, ঘটনার সময় তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন। একই রাতে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত প্রায় ৩টা ৫৫ মিনিটে মুখোশ পরা এক ব্যক্তি দেয়াল টপকে কার্যালয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যেই একটি কক্ষে আগুন জ্বলতে দেখা যায়।

এই পরিস্থিতিতে শনিবার অন্তর্বর্তী সরকার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি বৈঠক করে।

বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা ভণ্ডুল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। একই সঙ্গে সন্ত্রাস ও সহিংসতা দমনে ‘অপারেশন ডেভিল হান্ট–ফেজ টু’ অবিলম্বে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV