নিজস্ব প্রতিনিধি,
দীর্ঘদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে রয়েছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। গত তিন দিন ধরে তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি। রবিবার নয়াপল্টনে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান—বিজয়ের মাস উপলক্ষে ঘোষিত বিজয় মশাল রোডশো কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। তিনি বলেন, চেয়ারপার্সনের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় দলের পক্ষ থেকে সবকিছুই এখন তার চিকিৎসাকে প্রাধান্য দিয়ে বিবেচনা করা হচ্ছে।
এর আগে শনিবার রাত ৯টার পর এভারকেয়ার হাসপাতালের ফটকে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বিশেষজ্ঞদের পাশাপাশি যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের যৌথ আলোচনার ভিত্তিতেই তার চিকিৎসা পরিকল্পনা পরিচালিত হচ্ছে এবং তা এখানেই অব্যাহত থাকবে।
দলের নেতাদের মতে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির প্রত্যাশায় এখন দলের প্রতিটি সিদ্ধান্তই সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে।
Leave a Reply