নিজস্ব প্রতিনিধি,
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহর ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঝড়ের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে, বাড়ছে বাতাসের গতিবেগও। পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার সন্ধ্যা ৬টায় জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়—ঘূর্ণিঝড় ডিটওয়াহর বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
দুপুর ১২টার হিসাব অনুযায়ী ঘূর্ণিঝড়টির অবস্থান ছিল—
চট্টগ্রাম বন্দর থেকে ১৮৬৫ কিমি দক্ষিণ-পশ্চিমে,
কক্সবাজার থেকে ১৮১৫ কিমি,
মংলা থেকে ১৭৩০ কিমি এবং
পায়রা বন্দর থেকে ১৭৩৫ কিমি দূরে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৮ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া বিভাগ বলছে, সাগরে অস্থিরতা অব্যাহত থাকায় চারটি সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২ নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেতে থাকতে হবে।
Leave a Reply