তিস্তা টিভি ডেস্ক
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি আদায়ে রাজধানীতে নতুন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান ও সড়ক অবরোধের পর বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। পরে সংগঠিতভাবে মিছিল নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। লংমার্চ চলাকালে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মিছিলের সামনে ও আশপাশে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে এইচএসসি পরীক্ষা স্থগিত, পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলে ধরা হয়।
এর আগে সড়ক অবরোধের কারণে সায়েন্স ল্যাব মোড়, মিরপুর রোড, এলিফ্যান্ট রোড ও শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও অফিসফেরত মানুষ। তবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে মিছিল শুরু করলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ায় অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারেননি। পাশাপাশি ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা না থাকায় তারা ক্ষুব্ধ।
তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।
উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই একই দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সমন্বিত কর্মসূচির ঘোষণা দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন।
Leave a Reply