জেলা প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘুমন্ত অবস্থায় থাকা স্বামীর ওপর ধারালো ব্লেড দিয়ে হামলার অভিযোগ উঠেছে স্ত্রী সুমাইয়া আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত নারীকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে সোমবার (২৯ জুন) সকালে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদী এলাকায়। আহত ব্যক্তি হানিফ শেখ (২২) উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি কসমেটিকস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত সুমাইয়া আক্তার (২০) হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী পানাডুবি গ্রামের বাসিন্দা। তারা দুজন স্বামী-স্ত্রী হিসেবে ওই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার রাতে দম্পতির মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এর পরদিন সকালে ঘুমন্ত অবস্থায় থাকা হানিফ শেখের ওপর ধারালো ব্লেড দিয়ে হামলার অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে তাকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সুমাইয়া আক্তারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয়। তিনি আরও জানান, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply