জাতীয় সংসদের অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটালেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, সংসদ সদস্যরা এখন থেকে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সম্মান প্রদর্শন করবেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের অধিবেশনে দেওয়া রুলিংয়ে স্পিকার এ সিদ্ধান্ত জানান। এর আগে ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যেতে পারে—এ বিষয়ে একটি সুস্পষ্ট সমাধান প্রয়োজন।
এর আগে স্পিকার বিষয়টি সংসদের কার্যপ্রণালি বিধি পর্যালোচনার আশ্বাস দেন। পরবর্তীতে তিনি জানান, বিধি অনুযায়ী সংসদে প্রবেশ, আসন গ্রহণ বা ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শনের কথা থাকলেও “ঝুঁকিয়া” শব্দটি অষ্টম সংসদে সংশোধনের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে।
স্পিকার আরও উল্লেখ করেন, অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধি সংশোধন সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয় এবং তা সংসদে গ্রহণ করা হয়েছিল।
সব দিক পর্যালোচনা শেষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে “ঝুঁকিয়া” শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে সংসদ সদস্যরা নিজেদের ধর্মীয় বিশ্বাস ও রীতি অনুযায়ী স্পিকার বা সভাপতির প্রতি সম্মান জানাতে পারবেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে সংসদে দীর্ঘদিন ধরে চলা একটি রীতিনীতিগত বিতর্কের আনুষ্ঠানিক সমাধান হলো বলে মনে করা হচ্ছে।
Leave a Reply