ক্রীড়া ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.২ ওভারে জয় নিশ্চিত করে সফরকারীরা।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন অধিনায়ক তাওহীদ হৃদয়ের নেতৃত্বে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারের আগেই ১৯ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ করে ১৩১ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে জস ইংলিসকে বোল্ড করে দারুণ সূচনা এনে দেন শরীফুল ইসলাম। এরপর দলীয় ৩৮ রানের মাথায় মিচেল মার্শকে ফেরান মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলামের ক্যাচে। ১৪ বলে ১৩ রান করে ফিরে যান অজি অধিনায়ক।
তবে এরপর টিম ডেভিডের সঙ্গে জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন কুপার কনলি। ২৭ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংসে অস্ট্রেলিয়ার জয়ের ভিত গড়ে দেন তিনি। শেষ পর্যন্ত ফিফটি মিস করলেও দলকে সহজ অবস্থানে রেখে ফেরেন কনলি।
ডেভিড করেন ১৬ বলে ২০ রান। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়েন ম্যাট রেনশ ও নিখিল চৌধুরী। রেনশ ২৮ বলে ১৮ এবং নিখিল ১৩ বলে ১৮ রান করে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
বাংলাদেশের বোলারদের মধ্যে শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন একটি করে উইকেট নেন। এছাড়া আব্দুল গাফফার নেন দুইটি উইকেট।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন শেখ মেহেদী হাসান (২৯)। সাইফ হাসান করেন ২০ রান।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন জোয়েল ডেভিস ও অ্যাডাম জাম্পা—দুজনেই নেন ৩টি করে উইকেট।
Leave a Reply