শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Reporter Name
Update Time :
Wednesday, June 17, 2026
17 Time View
তিস্তা টিভি ডেস্ক
সামাজিক সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের তৃতীয় ধাপের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির মাধ্যমে প্রাথমিকভাবে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে নিয়মিত আর্থিক সহায়তার আওতায় আনা হচ্ছে।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনের অংশ হিসেবে তিনি কয়েকজন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। পরে প্রতীকীভাবে সুইচ টিপে কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।
প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফ্যামিলি কার্ডধারী প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবে, যা তাদের নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে সহায়ক হবে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এ ধরনের সামাজিক নিরাপত্তা উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রীমঙ্গলের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ কর্মসূচির ফলাফল মূল্যায়নের পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলোর জন্য একটি টেকসই সামাজিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীবাজার সফর করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের পর এটিই তার জেলার অন্যতম বড় জনসম্পৃক্ত কর্মসূচিতে অংশগ্রহণ।
Leave a Reply