1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 17, 2026, 3:47 pm

সিআইডির প্রতিবেদন অপেক্ষায় ওসমান হাদি হত্যা মামলা, ২৮ জুন দাখিল

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 17 Time View

তিস্তা নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ জুন দিন নির্ধারণ করেছেন আদালত। বুধবার (১৭ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিলের তারিখ ছিল। তবে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ নতুন এ তারিখ ধার্য করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রাজধানীর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসমান হাদি। দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে সংঘটিত ওই হামলার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। গুরুতর আহত ওসমান হাদিকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসমান হাদির মৃত্যুর পর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আবেদন করলে গত ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ সংযোজনের নির্দেশ দেন।

এদিকে, মামলার তদন্ত শেষে গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফয়সাল আহমেদ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে ১১ জন বর্তমানে কারাগারে রয়েছেন, আর ৬ জন এখনও পলাতক।

তবে ডিবির তদন্ত ও চার্জশিটে অসন্তোষ প্রকাশ করে গত ১৫ জানুয়ারি মামলার বাদী আদালতে নারাজি আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন এবং তদন্তভার সিআইডির কাছে হস্তান্তর করেন।

এর ধারাবাহিকতায় বর্তমানে সিআইডি মামলাটির পুনঃতদন্ত করছে। তবে সর্বশেষ নির্ধারিত তারিখেও তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় আদালত আগামী ২৮ জুন নতুন দিন নির্ধারণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV