তিস্তা টিভি ডেস্ক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর ও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে টেকসই উন্নয়ন, মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলায় সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে।
সোমবার (১৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। এ সময় উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কার্যক্রম, রেসকিউ সেন্টার স্থাপন, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, ভবিষ্যতে দুই দেশের অংশীদারিত্ব আরও কার্যকর ও বিস্তৃত হবে।
সাক্ষাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি দুর্যোগের নতুন নতুন ধরন মোকাবিলায় যৌথ গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানো জরুরি। বিশেষ করে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ সময় তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এবং মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply