তিস্তা টিভি ডেস্ক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী জাতীয় বাজেটে নির্বাচন-সংক্রান্ত বরাদ্দ নিশ্চিত হওয়ার পর জুলাই-আগস্ট নাগাদ কোন নির্বাচন কখন হবে, সে বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলশান, বনানী ও হাতিরঝিল এলাকার বিভিন্ন লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচিত জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে নগর ব্যবস্থাপনায় কিছুটা স্থবিরতা তৈরি হয়েছে। প্রশাসকরা নিয়মিত দায়িত্ব পালন করলেও নির্বাচিত জনপ্রতিনিধিদের মতো জনসম্পৃক্ত কার্যক্রম পরিচালনা সম্ভব হচ্ছে না। এ কারণে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে দ্রুত নির্বাচনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের সবচেয়ে কাছের সেবাদানকারী সংস্থা। তাই এসব প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে সরকার আশা করছে।
এ সময় রাজধানীর জলাধার ও লেকগুলোর পরিবেশগত অবস্থা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, গুলশান, বনানী ও হাতিরঝিল লেকের পানি দূষণ রোধ এবং সৌন্দর্য রক্ষায় ওয়াসা ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে হাতিরঝিলের পানি দূষণের অন্যতম কারণ হিসেবে বিভিন্ন এলাকার সুয়ারেজ সংযোগকে চিহ্নিত করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, বর্তমানে হাতিরঝিল লেক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলমান রয়েছে। তবে সুয়ারেজ লাইনের কারণে দূষণ পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। এসব বর্জ্য দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে নেওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকাগুলোকে নিজস্ব স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় সরকার।
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ঈদের পর ঢাকা শহরের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোনো ধরনের প্রটোকল ছাড়াই কয়েক ঘণ্টা নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, ইতোমধ্যে দায়িত্বে গাফিলতির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একজন নির্বাহী প্রকৌশলীসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু সরকারি উদ্যোগে রাজধানীকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। ড্রেন ও খালগুলোতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে সেগুলো শেষ পর্যন্ত লেক ও জলাধারে গিয়ে জমা হচ্ছে। ফলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরও দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।
তিনি সবাইকে নির্ধারিত ডাস্টবিন ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, নাগরিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ ছাড়া একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তোলা সম্ভব নয়।
Leave a Reply