জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশজুড়ে আলোচনায় থাকা আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবার বিদায় নিল রাজকীয় আয়োজনে। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্ম-এ সোমবার (২৫ মে) বিকেলে মহিষটিকে লাল গালিচায় সংবর্ধনা দিয়ে নতুন মালিকের কাছে তুলে দেওয়া হয়।
বিদায়ের আগে খামারজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। দুপুর থেকেই খামারের কর্মীরা মহিষটিকে গোসল করিয়ে বিশেষভাবে সাজানোর প্রস্তুতি নেন। পরে রঙিন পোশাক ও অলংকারে সজ্জিত করে কালার স্মোকের মধ্য দিয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’কে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয়। পুরো আয়োজন দেখতে উৎসুক মানুষ ভিড় করেন খামারে।
মহিষটিকে বিদায় জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন খামারের মালিক ও কর্মচারীরা। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে লালন-পালন করায় প্রাণীটির সঙ্গে এক ধরনের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছিল। অন্যদিকে ক্রেতা ও তার স্বজনরা এত আলোচিত একটি মহিষ নিজেদের এলাকায় নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এলভিনো জাতের এই মহিষটির চুলের ধরন ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump-এর মতো হওয়ায় খামার কর্তৃপক্ষ মজা করেই এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।
প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিঞ্জিরা এলাকার ব্যবসায়ী সামির কিনেছেন প্রতি কেজি ৫৫০ টাকা দরে। বিক্রির খবর ছড়িয়ে পড়ার পর শেষবারের মতো এক নজর দেখতে খামারে ভিড় করেন নানা বয়সী মানুষ। অনেকে ছবি ও ভিডিও ধারণ করেন, আবার কেউ কেউ কিনতে না পারার আক্ষেপও প্রকাশ করেন।
খামারের কর্মচারীরা জানান, বাংলাদেশে কোরবানির পশুকে ঘিরে এত বড় পরিসরে মানুষের আগ্রহ তারা আগে দেখেননি। তাদের মতে, ‘ডোনাল্ড ট্রাম্প’ শুধু একটি মহিষ নয়, এটি ছিল খামারের বিশেষ আকর্ষণ ও আবেগের অংশ।
জিয়াউদ্দিন মৃধা বলেন, কোরবানির ঈদের মূল শিক্ষা ত্যাগ। তাই আবেগ থাকলেও শেষ পর্যন্ত মহিষটি বিক্রি করতে হয়েছে। তবে খামারের সবাই আজীবন ‘ডোনাল্ড ট্রাম্প’-কে স্মরণে রাখবেন।
ক্রেতা সামির জানান, তিনি মহিষটি আগেই কিনে রেখেছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার বিষয়টি জানতে পারেন। এখন তার এলাকাতেও মানুষ অধীর আগ্রহে মহিষটিকে দেখার অপেক্ষায় রয়েছে।
Leave a Reply