তিস্তা টিভি ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি প্রতিনিধিদল। সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক হলেও এতে বাংলাদেশের চলমান উন্নয়ন কার্যক্রম, অর্থনৈতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিনিধিদল দেশের অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এডিবির চলমান সহায়তার অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করে।
সাক্ষাৎকালে উভয় পক্ষ উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে চলমান প্রকল্পগুলোর গতি বৃদ্ধি, নতুন অর্থনৈতিক খাত চিহ্নিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বলে জানা গেছে।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবিএম আব্দুস সাত্তার। তারা আলোচনায় অংশ নিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন।
এডিবি প্রেসিডেন্ট মাসাতো কান্দা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বিস্তৃত সহযোগিতার আশ্বাস দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সাক্ষাৎ শেষে দুই পক্ষই পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন, যা দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply