তিস্তা নিউজ ডেস্ক
প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. রবিউল আওয়ালের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বিশেষ করে নারী প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
তিনি আরও জানান, বর্তমান সরকারের লক্ষ্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গড়ে তোলা, যেখানে নারী ও শিশুরা উন্নয়নের সমঅংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ দেশ পেতে পারে।
নারী ও শিশুদের উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একাধিক কর্মসূচি চালু রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—গরিব ও অসচ্ছল নারীদের জীবনমান উন্নয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি সহায়তা কার্যক্রম, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ সুবিধা এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে জয়িতা ফাউন্ডেশন পরিচালনা। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে নারীদের আয়বর্ধক কাজে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
সরকারের এসব পদক্ষেপের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, দারিদ্র্য হ্রাস এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা হচ্ছে বলে সংসদে জানানো হয়।
Leave a Reply