তিস্তা নিউজ ডেস্ক
দেশের বিভিন্ন অঞ্চলে আজ বুধবার সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পূর্বাভাসে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সম্ভাব্য ঝড়ের কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, কালবৈশাখীর সময় হঠাৎ ঝড়ো হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের কারণে জনসাধারণকে সতর্ক থাকতে হবে। খোলা স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া, বজ্রপাতের সময় অপ্রয়োজনে মোবাইল ব্যবহার এড়িয়ে চলা এবং কৃষকদের ফসল ও গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাধারণত এই ধরনের ঝড় স্বল্পস্থায়ী হলেও হঠাৎ তীব্র আকার ধারণ করতে পারে, তাই সবাইকে সর্বশেষ আবহাওয়া আপডেট অনুসরণ করে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply