তিস্তা নিউজ ডেস্ক
দীর্ঘদিনের প্রচলিত প্রথা ও বিশেষ সুবিধার অবসান ঘটিয়ে জাতীয় সংসদ সদস্যদের (এমপি) জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়।
বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
বিল পাসের মাধ্যমে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল থ্রি-সি বিলুপ্ত হলো, যার মাধ্যমে এতদিন এমপিরা শুল্কমুক্ত গাড়ি আমদানির আইনি সুবিধা পেতেন।
বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়ে শুল্কমুক্ত গাড়ি আমদানি করা নির্বাচনি প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি সাধারণ করদাতা নাগরিকদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করে। রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং সামাজিক সমতা প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সংশোধনী আনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করা অত্যন্ত জরুরি ছিল।
অধিবেশনে বিরোধীদলীয় সাংসদ নাজিবুর রহমান বিলটি উত্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ি সুবিধার প্রচলন বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও নেই। তিনি আরও উল্লেখ করেন, কিছু রাজনৈতিক দল আগেই এই ধরনের সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছিল।
বিল নিয়ে আলোচনার সময় তিনি প্রস্তাব করেন, বিরোধীদলীয় নেতার মতামত বা ভূমিকা সংক্রান্ত বিষয়টি বিলের বিবরণে অন্তর্ভুক্ত করা যেতে পারত।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং সংসদ নেতার দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই বিলটি প্রণয়ন করা হয়েছে। তবে সংসদ নেতার সম্মতি থাকলে ভবিষ্যতে বিরোধীদলীয় নেতার ভূমিকার বিষয়টি অন্তর্ভুক্ত করার বিষয়ে আপত্তি নেই।
বিলটি কোনো সংশোধনী ছাড়াই কণ্ঠভোটে দেওয়া হয় এবং উপস্থিত সদস্যদের বিপুল সমর্থনে তা পাস হয়। এর মাধ্যমে সংসদ সদস্যদের দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা আনুষ্ঠানিকভাবে শেষ হলো।
Leave a Reply