ক্রীড়া ডেস্ক
চলমান ওয়ানডে সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে শুরুতেই ধাক্কা খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৫ রান। ফলে সিরিজ জিততে নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য ২৬৬ রান।
ইনিংসের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। পাওয়ার প্লের মধ্যেই হারায় প্রথম তিন ব্যাটারকে। তবে সেখান থেকেই প্রতিরোধ গড়ে তোলেন দুই টাইগার ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। চতুর্থ উইকেটে তাদের দুর্দান্ত ১৬০ রানের জুটি দলকে বিপর্যয় থেকে টেনে তোলে এবং লড়াইয়ে ফেরায়।
এই জুটির মূল ভরসা ছিলেন শান্ত। দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নেন নিজের সেঞ্চুরি, যা ওয়ানডে ক্যারিয়ারে তার চতুর্থ শতক। এর আগে ২০২৪ সালে চট্টগ্রামেই শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি। আগের ম্যাচে ফিফটির পর এবার শতক—ধারাবাহিক পারফরম্যান্সে দারুণ ছন্দে আছেন এই বাঁহাতি ব্যাটার।
অন্যপ্রান্তে লিটন দাসও খেলেছেন সমান গুরুত্বপূর্ণ ইনিংস। ৭৬ রানের পরিণত ব্যাটিংয়ে শান্তকে দারুণভাবে সঙ্গ দেন তিনি। একসময় সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন লিটন, তবে কিউই স্পিনার জেইডেন লেনক্সের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। দীর্ঘ ১৯ ইনিংস পর ওয়ানডে ফরম্যাটে ফিফটির দেখা পান লিটন, যা তার ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক।
শেষ দিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ২২ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। আর তাওহিদ হৃদয় ২৯ বলে ৩৩ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহকে আরও এগিয়ে নেন।
শুরুর ধাক্কা সামলে শান্ত-লিটনের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৬৫ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ, যা ম্যাচ ও সিরিজ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
Leave a Reply