তিস্তা টিভি ডেস্ক
একদিনের সরকারি সফরে বরিশালের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) দিনের বিভিন্ন সময়ে পরিবেশ সংরক্ষণ ও দলীয় সাংগঠনিক কার্যক্রম সংশ্লিষ্ট একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সোমবার সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে জেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ।
নির্ধারিত সূচি অনুযায়ী, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখনন করা সরিকল খালের তীরে বৃক্ষরোপণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরের শেষ ভাগে বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি এবং দলের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় উন্নয়ন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দিনব্যাপী সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফিরে যাবেন প্রধানমন্ত্রী।
Leave a Reply