তিস্তা টিভি ডেস্ক
দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের প্রয়োজনের তুলনায় বর্তমানে বৃক্ষের সংখ্যা কম রয়েছে। তাই সবুজায়ন বাড়াতে বড় পরিসরে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, “দেশে যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন, তা নেই। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।”
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের আবহাওয়া ও বৃষ্টিপাতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে। আগের তুলনায় অনেক সময় অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, যা পরিবেশ ও জনজীবনে প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যেই দায়িত্ব শেষ নয়, রোপণ করা প্রতিটি গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের যত্ন নেওয়ার ওপরও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন প্রধানমন্ত্রী। স্লোগানটি হলো— “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
গৌরনদীতে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজ হাতে ২ হাজার ৫০০টি বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন।
প্রধানমন্ত্রীর একদিনের বরিশাল সফরের অংশ হিসেবে সোমবার সকালে সড়কপথে তিনি বরিশালের উদ্দেশে যাত্রা করেন। সফরসূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নতুন খনন করা সরিকল খালের পাশে, বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় পৃথক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সফরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম বরিশাল সফর।
Leave a Reply