1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 5:48 pm

অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের পথে: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, July 4, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে বর্তমানে দেশি-বিদেশি বিনিয়োগের যে প্রবাহ তৈরি হয়েছে, তা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে অগ্রসর হবে।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সফরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বিদেশি বিনিয়োগ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI), ক্যাপিটাল মার্কেট ও ফান্ড ম্যানেজারদের মাধ্যমে বিনিয়োগ—সব ক্ষেত্রেই বাংলাদেশে আগ্রহ বাড়ছে। বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে স্থানীয় সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগানো যায়।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি লজিস্টিক্যাল হাব হিসেবে গড়ে তুলতে সরকার বড় পরিকল্পনা হাতে নিয়েছে। ভৌগোলিক অবস্থান ও বন্দরের সুবিধার কারণে চট্টগ্রামের সম্ভাবনা অনেক বেশি। এ লক্ষ্য বাস্তবায়নে নতুন নতুন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নদীর ওপারে আনোয়ারায় ৬০০ একর জমিতে ফ্রি জোন স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামে একাধিক বন্দর উন্নয়ন ও সম্প্রসারণের কাজ করা হবে। পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের আন্তর্জাতিক হাবে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।

তিনি জানান, চট্টগ্রামে একটি চীনা অর্থনৈতিক অঞ্চল (Chinese Economic Zone) স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়নের মাধ্যমে ট্রেনযাত্রার সময় প্রায় দুই ঘণ্টা কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

মাতারবাড়ী কেন্দ্রিক উন্নয়ন কার্যক্রমকেও বড় প্রকল্প হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রাম অঞ্চল দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও লজিস্টিক করিডোরে পরিণত হবে।

তিনি আরও বলেন, এসব প্রকল্প দীর্ঘমেয়াদি হলেও সরকার দ্রুত বাস্তবায়নের চেষ্টা করছে। ধাপে ধাপে এগুলোর সুফল পাওয়া যাবে।

দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার একটি চ্যালেঞ্জিং অর্থনীতি পেয়েছে। বৈশ্বিক সংকট, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবও দেশের অর্থনীতিতে পড়েছে। প্রথম ধাপে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পরে উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে অগ্রসর হওয়াই সরকারের লক্ষ্য।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সরকারের আগামী কয়েক বছরে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে বাংলাদেশ তার সম্ভাবনা কাজে লাগিয়ে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV