মোঃ মোনাব্বেরুল হক জলঢাকা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলায় টিউবওয়েলের পানি ফেলা ও ছাগল গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মোঃ নুরুজ্জামান (১৮) নামে এক যুবক। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪ নম্বর গোলনা ইউনিয়নের তালুক গোলনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মোঃ হাবিবুর রহমান (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, টিউবওয়েলের পানি ফেলা বাথরুমের গন্ধ ও ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরুজ্জামানের সঙ্গে হাফিজুল ইসলামের ছেলে হাবিবুর রহমানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে হাবিবুর রহমান ধারালো ছুরি দিয়ে নুরুজ্জামানের বুকের আঘাত করেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুরুজ্জামানকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
জলঢাকা থানা পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
Leave a Reply