আন্তর্জাতিক ডেস্ক
ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন— কামাল হোসেন, তার স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা। ঘটনায় পরিবারের বড় ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় পুলিশ ও সূত্রের বরাতে জানা যায়, নিহত কামাল হোসেন বাংলাদেশের নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে রোমের অরেলিও এলাকার ভিয়া মন্টিগ্লিওতে পরিবারসহ বসবাস করতেন এবং স্থানীয় একটি ডেম সুপারমার্কেটে কর্মরত ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে এ হত্যাকাণ্ড ঘটে। প্রথমে স্থানীয়রা বাড়ির বাইরে এক কিশোরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেতরে প্রবেশ করলে একই পরিবারের তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আহত কিশোরকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং জীবনের ঝুঁকি নেই। তদন্তকারীরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছেন যে, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
পুলিশের তদন্তে এখন পর্যন্ত বাসার দরজা ভাঙার বা জোরপূর্বক প্রবেশের কোনো আলামত পাওয়া যায়নি। এ কারণে তদন্তকারীরা ধারণা করছেন, হামলাকারী পরিচিত কেউ হতে পারে বা ভেতর থেকে প্রবেশাধিকার ছিল এমন ব্যক্তি এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।
ঘটনার পরপরই পুলিশ, ফরেনসিক টিম এবং ফ্লাইং স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুরো অ্যাপার্টমেন্ট এলাকা ঘিরে রেখে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালানো হয়। পরে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এদিকে ইতালীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এবং সম্ভাব্য জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ সাধারণ মানুষকে গুজব বা অসত্য তথ্য ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়েছে এবং জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।
Leave a Reply