বিদেশে চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন সংসদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এক এমপির প্রশ্নের জবাবে স্পিকার জানান, মির্জা আব্বাস চিঠির মাধ্যমে তার স্বাস্থ্যের অগ্রগতির খবর দিয়েছেন এবং বর্তমানে তার অবস্থা আগের তুলনায় ভালো। তিনি সুস্থ হয়ে উঠলে আবার সংসদে উপস্থিত হবেন বলেও আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানতে চান। পাশাপাশি তার বিরুদ্ধে প্রচলিত কিছু গুজব ও মামলার প্রসঙ্গও তুলেন।
এ বিষয়ে স্পিকার মন্তব্য করেন, গুজব বা বিচারাধীন বিষয় নিয়ে সংসদের সময় নষ্ট করা উচিত নয়। তিনি আরও জানান, কোনো সদস্যের সদস্যপদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা যথাসময়ে সংসদকে অবহিত করা হবে।
এর আগে গত ৬ মে আফরোজা আব্বাস এক সংবাদ সম্মেলনে জানান, মির্জা আব্বাস মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং সেখানে তার নিয়মিত থেরাপি চলছে। তিনি তখনই বলেছিলেন, তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।
Leave a Reply