আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এ হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে এর কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইরানের এই ধরনের পদক্ষেপ ‘বারবার সংঘটিত এবং উসকানিমূলক’ চরিত্রের, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। বিবৃতিতে হামলাটিকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে আখ্যা দেওয়া হয়।
রিয়াদ আরও জানায়, এমন আগ্রাসন শুধু একটি নির্দিষ্ট দেশের নিরাপত্তাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং শান্তি প্রতিষ্ঠার চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, কুয়েত একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার ভূখণ্ডে যেকোনো ধরনের সামরিক আঘাত বা বহিঃআক্রমণ সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। সৌদি আরব এই ঘটনার প্রতি তাদের “দৃঢ়, সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন প্রত্যাখ্যান” পুনর্ব্যক্ত করেছে।
এছাড়া সৌদি আরব সংকটের এই মুহূর্তে কুয়েতের সরকার, জনগণ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে। রিয়াদ জানিয়েছে, কুয়েত তার অভ্যন্তরীণ নিরাপত্তা, সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় যে কোনো প্রয়োজনীয় ও কঠোর পদক্ষেপ নিলে সৌদি আরব তার পাশে থাকবে।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়তে পারে এবং কূটনৈতিক অঙ্গনে বিষয়টি আরও জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
Leave a Reply