সিহাব হাচান শাসন,স্টাফ রিপোর্টারঃ
ডোমার উপজেলায় সততা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মোঃ তুহিন রানা। বিকাশ অ্যাকাউন্টে ভুলক্রমে আসা ২৪ হাজার টাকা তিনি কোনো ধরনের দ্বিধা ছাড়াই প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে এলাকাজুড়ে প্রশংসিত হয়েছেন।
ঘটনাটি ঘটে (১৮ মে) রাত ৯টার দিকে। পরে বিষয়টি ডোমার থানার মাধ্যমে সমাধান করা হয় এবং তিনি স্বেচ্ছায় থানায় উপস্থিত হয়ে পুরো অর্থ হস্তান্তর করেন মো. হাবিবুল্লাহ-এর হাতে, যাতে তা সঠিক মালিকের কাছে পৌঁছে দেওয়া যায়।
জানা যায়, ডোমার উপজেলার পশ্চিম বোড়াগাড়ী এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে তুহিন রানার বিকাশ নম্বরে ৭/০৫/২০২৬ তারিখ রাত ১০:৪০ মিনিটে ভুলবশত ২৪,০০০ টাকা পাঠানো হয়। পরবর্তীতে টাকার প্রকৃত মালিক বগুড়ার শাহজাহানপুর উপজেলার দিঘীপাড়া ইউনিয়নের খরনা এলাকার মোঃ ওবায়দুর রহমান বিষয়টি বুঝতে পেরে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির পর বিষয়টি তদন্তে নেয় ডোমার থানা পুলিশ। রবিবার সকালে এসআই আব্দুল মান্নান যোগাযোগ করেন তুহিন রানার সঙ্গে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি স্বেচ্ছায় টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পরে থানায় এসে সম্পূর্ণ অর্থ হস্তান্তর করেন।
টাকা বুঝে পাওয়ার পর ওসি মো. হাবিবুল্লাহ বলেন, বর্তমান সময়ে ছোট অঙ্কের টাকা হলেও অনেকেই ফেরত দেন না। সেখানে ২৪ হাজার টাকা ফিরিয়ে দিয়ে তুহিন রানা সততার এক বিরল উদাহরণ স্থাপন করেছেন।
তুহিন রানা বলেন, সততার কাছে অর্থের কোনো মূল্য নেই। তার ভাষায়,
“২৪ হাজার টাকা কোনো বিষয় না। প্রয়োজন হলে আরও বেশি টাকা হলেও আমি ফেরত দিতাম।”
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার এই সততার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
Leave a Reply