1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 13, 2026, 10:52 am

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2026
  • 16 Time View

তিস্তা টিভি ডেস্ক

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (১২ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৮ এপ্রিল থেকে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে মোট ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি রিঅ্যাক্টর কোরে স্থাপন করা হয়, যা নির্ধারিত আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে।

প্রকল্প কর্তৃপক্ষ জানায়, এই ধাপ সফলভাবে শেষ হওয়ার মাধ্যমে রূপপুর প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছেছে। এখন পরবর্তী পর্যায়ে রিঅ্যাক্টরের ওপরের অংশ (reactor upper structure) স্থাপন, কন্ট্রোল সিস্টেম সংযুক্তকরণ এবং ইন-কোর ইন্সট্রুমেন্টেশন সিস্টেম স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।

রূপপুর প্রকল্পের পরিচালক এবং রাশিয়ার এটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, পুরো জ্বালানি লোডিং প্রক্রিয়াটি আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা বিধি, পরিচালনাগত নির্দেশনা এবং কঠোর মান নিয়ন্ত্রণ মেনে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, “এখন আমরা পরবর্তী ধাপে যাব, যেখানে রিঅ্যাক্টরের ওপরের অংশ সংযুক্ত করার পর একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরীক্ষা পরিচালনা করা হবে। শত শত নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের পরই এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হবে।”

প্রকল্প সূত্র জানায়, সব পরীক্ষামূলক প্রক্রিয়া শেষে রিঅ্যাক্টরকে ধীরে ধীরে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে (minimum controlled power level) নেওয়া হবে। এরপর ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করে পূর্ণমাত্রার পরীক্ষামূলক পরিচালনা শুরু করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই পর্যায় সফলভাবে সম্পন্ন হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের বিদ্যুৎ খাতে নতুন যুগের সূচনা করবে এবং জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ যুক্ত হবে।

এদিকে প্রকল্প সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নির্ধারিত সব নিরাপত্তা ও প্রযুক্তিগত পরীক্ষা সম্পন্ন হলে শিগগিরই প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV