নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীর জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে জলঢাকা সাব-রেজিস্টার কার্যালয়ে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে চলে। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দলিল লেখকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশ।
নির্বাচনে সভাপতি পদে সাতজন, সাধারণ সম্পাদক পদে পাঁচজন, সহ-সাধারণ সম্পাদক পদে দুইজন এবং সদস্য পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ১০২ জন। সকাল থেকেই ভোটাররা সাব-রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে ঘিরে কার্যালয় এলাকায় ছিল উৎসবের আমেজ। প্রার্থীদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে প্রচারণা ও উপস্থিতি বজায় রাখেন।
ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে সভাপতি পদে মোঃ ছাইদুল আলম বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান (মিঠু) এবং সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ মোনাব্বেরুল হক। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের সমর্থকদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।
নবনির্বাচিত নেতারা বলেন, দলিল লেখকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য ও অধিকার রক্ষায় তারা একযোগে কাজ করবেন। একই সঙ্গে সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা জানান, দীর্ঘ ১৬ বছর পর গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তারা সন্তুষ্ট। তারা আশা করছেন, নতুন নেতৃত্ব দলিল লেখকদের স্বার্থ রক্ষা ও পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave a Reply