তিস্তা টিভি ডেস্ক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে কোনোভাবেই সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুযোগ দেওয়া হবে না। সাম্প্রদায়িক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারও হুঁশিয়ারি দেন।
সোমবার (১১ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) সংলাপে তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্মীয় সহাবস্থান নষ্ট করার কোনো সুযোগ নেই।”
তিনি আরও বলেন, ভারতে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ রয়েছে এবং বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনার অনুরোধ জানানো হবে। তার ভাষায়, “ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ। তারা গণতন্ত্রকে লালন করে, এজন্য আমরা তাদের সম্মান করি। তবে সংখ্যালঘুদের যদি নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা হয়, তাহলে সেই শ্রদ্ধা আরও বৃদ্ধি পাবে।”
ধর্মমন্ত্রী জোর দিয়ে বলেন, “ভারতে কিছু ঘটনা ঘটছে বলে বাংলাদেশে কোনোভাবেই সংখ্যালঘু নির্যাতনের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে না পারলে প্রয়োজন হলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেবো, কিন্তু দেশের সংখ্যালঘুদের ওপর কোনো ধরনের অত্যাচার, অবিচার বা জুলুম সহ্য করা হবে না।”
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভালো বিরোধী দল গণতন্ত্রের জন্য আশীর্বাদস্বরূপ। তবে বর্তমানে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা না করে বরং বিভ্রান্তি ও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানকে ঘিরে যেসব ইতিবাচক কাজ রয়েছে, তা অনেকের সহ্য হচ্ছে না। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করা প্রয়োজন বলেও মন্তব্য করেন ধর্মমন্ত্রী।
সবশেষে তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, এবং সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply