আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি রুশ সেনাবাহিনীর একজন নিয়মিত সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ রশিদ করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তার বাবা জাফরাবাদ উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রশিদ। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।
পরিবারের দাবি অনুযায়ী, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় রিয়াদের মৃত্যুর খবর প্রথম জানানো হয় তার এক সহকর্মী লিমন দত্তের মাধ্যমে, যিনি বর্তমানে রাশিয়ায় কর্মরত আছেন। লিমন জানান, তিনিও একই হামলায় গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
লিমনের ভাষ্য অনুযায়ী, গত ২ মে রুশ সীমান্ত এলাকায় ইউক্রেনীয় বাহিনী ড্রোন হামলা চালায়। ওই হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি এবং একজন নাইজেরীয় সেনা নিহত হন। আহত হন আরও অন্তত তিনজন।
পারিবারিক সূত্র আরও জানায়, রিয়াদ গত বছরের অক্টোবরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় যান। পরে গত ৭ এপ্রিল তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তার ব্যাচ নম্বর ছিল ৭৩৫। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবার আগে থেকে জানত না।
ছেলের মৃত্যুর খবরে শোকাহত বাবা আব্দুর রশিদ বলেন, “সে সেনাবাহিনীতে যোগ দিয়েছে, এটা আমরা জানতাম না। যদি জানতাম, কখনোই যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় তার মৃত্যু হয়েছে। কিন্তু এখনো তার মরদেহের কোনো সন্ধান পাইনি। এই কষ্ট আমি কীভাবে সহ্য করব।”
এদিকে জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সরকারের পক্ষ থেকে কোনো সহায়তার সুযোগ থাকলে তা দেওয়ার আশ্বাস দেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির জানান, পুলিশ নিহত রিয়াদের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।
Leave a Reply