নিজেস্ব প্রতিবেদন
নীলফামারীর জলঢাকায় উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে রোববার (৩ মে) সকালে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের যৌথ উদ্যোগে র্যালী, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালের শুরুতেই জলঢাকা প্রেসক্লাব প্রাঙ্গণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নিজ নিজ ব্যানার নিয়ে জড়ো হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য সম্মিলিত র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন অংশ নেন এবং সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও বলেন, একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যমই একটি গণতান্ত্রিক সমাজের ভিত্তিকে সুদৃঢ় করে। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার পাশাপাশি পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে বিভিন্ন সাংবাদিক সংগঠন পৃথক র্যালী নিয়ে স্থানীয় জিরোপয়েন্ট এলাকায় একত্রিত হয়ে এক বিশাল সমাবেশে মিলিত হয়। জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ মুক্ত গণমাধ্যমের গুরুত্ব, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত ঝুঁকি নিয়ে আলোচনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, সহ-সম্পাদক মাইদুল হাসান, তিস্তা টিভির চেয়ারম্যান সাংবাদিক মোঃ এমদাদুল হক, মফস্বল সাংবাদিক সোসাইটি উপজেলা সভাপতি আল আমিন ইসলাম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জলঢাকা রিপোর্টার্স ক্লাব সভাপতি নজরুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন এবং প্রেসক্লাব সদস্য শরিফুল ইসলাম প্রিন্সসহ অন্যান্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান।
বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির অধিকার এবং হয়রানি-মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা জানান, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস শুধু উদযাপনের বিষয় নয়—এটি স্বাধীন সাংবাদিকতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন। তারা ভবিষ্যতে আরও শক্তিশালী, দায়িত্বশীল ও জনমুখী গণমাধ্যম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply