আন্তর্জাতিক ডেস্ক
দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের চাপে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে এবার একজোট হয়েছেন দেশটির দুই সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ। আসন্ন ২০২৬ সালের অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে তারা নিজেদের রাজনৈতিক দল একীভূত করে নতুন একটি নির্বাচনী জোট গঠনের ঘোষণা দিয়েছেন।
এই নতুন জোটের মূল উদ্দেশ্য হলো নেতানিয়াহুর নেতৃত্বাধীন বর্তমান ক্ষমতাসীন জোট সরকারকে নির্বাচনে পরাজিত করা। রাজনৈতিক অঙ্গনে এই ঐক্যকে ইসরাইলের ক্ষমতার রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জানিয়েছেন, নতুন রাজনৈতিক দলের নাম রাখা হয়েছে ‘টুগেদার’ (Together)। তিনি আরও জানান, এই জোটের নেতৃত্ব তিনি নিজেই দেবেন এবং বিরোধী শক্তিকে একত্র করে একটি শক্তিশালী বিকল্প সরকার গঠনই তাদের লক্ষ্য।
নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের কড়া সমালোচনা করে বেনেট বলেন, “প্রায় ৩০ বছর পর এখন সময় এসেছে নেতানিয়াহুর পথ থেকে সরে আসার। ইসরাইলকে একটি নতুন রাজনৈতিক দিকনির্দেশনা প্রয়োজন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ পরিস্থিতি এবং দেশের অভ্যন্তরীণ বিচার বিভাগীয় সংস্কার নিয়ে ইতিমধ্যেই চাপে থাকা নেতানিয়াহুর জন্য বেনেট-লাপিদ জোট একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদি এই নতুন বিরোধী জোট জনসমর্থনকে একত্র করতে সক্ষম হয়, তাহলে আগামী নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতায় টিকে থাকা কঠিন হয়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
Leave a Reply